• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেমিনারে আসছেন আজহারী

সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:০৪, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৫, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেমিনারে আসছেন আজহারী

মিজানুর রহমান আজহারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক অনন্য দাওয়াতি ও চিন্তনমূলক আয়োজন করতে যাচ্ছে ‘পাঠশালা’। আধুনিক সময়ের বাস্তবতা ও ধর্মীয় জীবনব্যবস্থার সমন্বয় নিয়ে আলোচনা করতে আগামী (বুধবার) ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬.০০টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে “আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল” শীর্ষক সেমিনার।

এই সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। তিনি তার বক্তব্যে আধুনিক জীবনধারায় ইসলামি মূল্যবোধের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতার ভূমিকা, তরুণ সমাজের দায়িত্ব ও আত্মগঠনের বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরবেন বলে জানা গেছে।

আয়োজক সংগঠন ‘পাঠশালা’ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ইসলামি চিন্তাচর্চা জাগ্রত করা এবং একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল জীবনব্যবস্থার ধারণা তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন। তারা আরও জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। এজন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই গুগল ফরমের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে।

সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে ড. মিজানুর রহমান আজহারির আগমনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই দাওয়াতি সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক জীবনচ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা লাভ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: