• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শর্ত মেনে নিলো আইসিসি, শাস্তি পাবে না বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শর্ত মেনে নিলো আইসিসি, শাস্তি পাবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় যে শাস্তি আশঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। শাস্তির বদলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জন্য দিয়েছে বড় সুখবর। কোনো ধরনের জরিমানা নয়, বরং একটি বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এদিকে, ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তবে তার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তিনটি শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। এর পরিপ্রেক্ষিতে ঘোষণা দেওয়া হয়েছে, ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো শাস্তি দেওয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর আইসিসি জানায়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পিসিবির সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এ ঘোষণা আসে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। একই সঙ্গে বিসিবি চাইলে আইসিসির নিয়ম অনুযায়ী ডিসপিউট রেজল্যুশন কমিটিতে (ডিআরসি) যাওয়ার অধিকারও বহাল থাকবে।”

আইসিসি আরও জানায়, এই সিদ্ধান্ত নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে। শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

এই সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। বাংলাদেশ ওই বিশ্বকাপের যৌথ আয়োজকও। আইসিসি জানিয়েছে, এটি বাংলাদেশের আয়োজক সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশটিতে ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রতিফলন।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে খেলতে রাজি ছিল না। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আইসিসি বাংলাদেশকে ওই টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনাই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার পর পাকিস্তান সরকারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এবং বিষয়টিকে বাংলাদেশের ইস্যুর সঙ্গে যুক্ত করে। এরপর সোমবার পিসিবি আইসিসির সঙ্গে আলোচনায় বসে, যেখানে বিসিবির জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

এর আগের দিন রোববার লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে, তবে বাংলাদেশের বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: