• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের ডাকে সাড়া দিয়ে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১১:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের ডাকে সাড়া দিয়ে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে যখন নির্বাচনী আমেজ তুঙ্গে, তখন ভোটের ডাকে সাড়া দিয়ে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হল ছাড়তে শুরু করেছেন। নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেছেন। ফলে নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে।

এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। তাদের অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। এ কারণে তরুণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার বাড়তি উত্তেজনা ও উৎসাহ লক্ষ করা যাচ্ছে। এই আমেজেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভোট দেওয়ার উদ্দেশ্যে হল ছেড়ে বাড়ি যাচ্ছেন।

সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। টানা পাঁচ দিনের এই ছুটির কারণে ইতোমধ্যেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্ধ হয়ে গেছে হলের ডাইনিং কার্যক্রম। বর্তমানে হলে রয়েছেন হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী। একসময় শিক্ষার্থীদের আনাগোনায় মুখর থাকা হল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ ও শহীদ মিনার এখন প্রায় নীরব ও নির্জন।

তবে শিক্ষার্থীরা জানান, এবারের হল ছাড়ার কারণ শুধু ছুটি কাটানো নয়, বরং ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাই তাদের প্রধান প্রেরণা। বিগত স্বৈরাচারী সরকারের সময় পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে না পারা ঢাকা কলেজের সাউদার্ন হলের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদ এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

আহাদ বলেন, “এই প্রথম আমি ভোট দিতে যাচ্ছি। আগেও ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনার পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে পারিনি। এবার নির্বাচনের পরিবেশ উৎসবমুখর। ভোট দেওয়ার জন্যই আজ বাড়ি যাচ্ছি। আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু হবে।”

ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ইমি আরাফাত বলেন, “আমি মূলত ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি। জুলাই আন্দোলনে আমি অংশ নিয়েছি। এবারের গণভোটে আমি ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে চাই।”

ইমি ও আহাদের মতো আরও অনেক শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে হল ছেড়ে নিজ নিজ বাড়িতে যাচ্ছেন। এবারের বাড়ি যাওয়া যে শুধু নাড়ির টানে নয়, বরং ভোটের টানেই- তা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। নবীন ভোটাররা আশা প্রকাশ করছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত এবং যোগ্য নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: