• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ইউট্যাবের শুভেচ্ছা

প্রকাশিত: ১৮:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ইউট্যাবের শুভেচ্ছা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গঠিত নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে গঠিত এই নতুন সরকারকে আমরা সাধুবাদ জানাই। 

তারা বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এই নবযাত্রায় ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের লড়াইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আজ জাতি হিসেবে আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে। নতুন মন্ত্রিসভা দেশবাসীর প্রত্যাশা পূরণে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি তরেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও তারুণ্যদীপ্ত দিকনির্দেশনায় বাংলাদেশ একটি আধুনিক, সমৃদ্ধ ও মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা আশা করি যে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিনের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা এবং আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনই হবে এই সরকারের মূল লক্ষ্য। একইসঙ্গে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন মন্ত্রিসভা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের প্রত্যাশা। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।

তারা আরো বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিক্ষক সমাজ অবহেলিত ও বঞ্চিত ছিল। আমরা আশা করি, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা ও স্বায়ত্তশাসন অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর থাকবে। পাশাপাশি রাজনৈতিক স্থিশীলতা বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে নতুন মন্ত্রিসভা ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে ইউট্যাব মনে করে।

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, দেশপ্রেম ও আধুনিক চিন্তাধারার সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবেন। দেশের উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে ইউট্যাবের পক্ষ থেকে সরকারের প্রতি সব ধরনের সৃজনশীল সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

বিভি/এসজি

মন্তব্য করুন: