বাড়ানো হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়
বাড়ানো হয়েছে দেশের তিনটি সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যের ভুল সংশোধন ও নতুন তথ্য হালনাগাদের সময়সীমা। আগামী ৫ মার্চ পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ৫ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত সফটওয়্যারে তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনেক মাদ্রাসা এখনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি এবং কিছু প্রতিষ্ঠানের পাঠানো তথ্যে ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম ও পরীক্ষার সালসহ বিভিন্ন ভুল পরিলক্ষিত হয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় ইএফটি ‘বাউন্সব্যাক’ বা ফেরত এসেছে। এসব সমস্যা নিরসন ও কারিগরি ত্রুটি সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন সুবিধাসম্পন্ন তফশিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ১৩ থেকে ১৭ ডিজিটের ব্যাংক হিসাব থাকতে হবে। শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
এছাড়া সঠিক রাউটিং নম্বর, পরীক্ষার আইডি ও রেজিস্ট্রেশন নম্বর নিশ্চিত করতে হবে। যারা মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে বর্তমানে স্কুল বা কলেজে পড়ছেন, তারা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লিংকে আবেদন করবেন।
এতে আরও বলা হয়, যারা মাদ্রাসা থেকে বা স্কুল-কলেজ থেকে বৃত্তি পেয়ে বর্তমানে মাদ্রাসায় পড়ছেন, তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিংকে আবেদন করবেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: