শিক্ষা ক্যাডারে ৩২৬ প্রভাষকের পদায়ন, যোগ দেননি ২২ জন
৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুপারিশপ্রাপ্ত ৩৪৮ জনের মধ্যে ২২ জন কর্মকর্তা নির্ধারিত সময়ে চাকরিতে যোগ দেননি।
প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে মোট ৩৪৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
নিয়োগপ্রাপ্তদের ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের সময়সীমা বেঁধে দেওয়া হলেও শেষ পর্যন্ত ৩২৬ জন কর্মকর্তা গত ৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদান করেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদান করা ৩২৬ জন কর্মকর্তার জন্য আয়োজিত অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মেধা ও বিষয়ের ভিত্তিতে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।
এবারের পদায়নে বিভিন্ন বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো– বাংলায় ২৪ জন, ইংরেজিতে ২৫ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২৯ জন, দর্শনে ২৯ জন, ইতিহাসে ২৬ জন এবং অর্থনীতিতে ২০ জন। এ ছাড়া প্রাণিবিদ্যায় ২৪ জন ও সমাজকল্যাণ বিষয়ে ১০ জনসহ অন্যান্য বিষয়ের কর্মকর্তাদেরও পদায়ন সম্পন্ন হয়েছে।
পদায়নকৃত এসব কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য নির্ধারিত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: