জাতীয় শিক্ষাক্রমে নতুন সংযোজন—শিক্ষার্থীদের জন্য সুখবর
ছবি: ফাইল ফটো
এবার পাঠ্যবইয়েই জায়গা পাচ্ছে খেলাধুলা। ফুটবল, ক্রিকেট, দাবাসহ মোট সাতটি খেলাকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যানের কাছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে—ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার।
জানা গেছে, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত একটি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষাক্রমে খেলাধুলা যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সুপারিশ অনুযায়ী, সাতটি খেলা দ্রুত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিভি/এমআর



মন্তব্য করুন: