একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে
ফাইল ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকায় একাদশ শ্রেণির ক্লাস এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে। ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ৩৪০ টাকা ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরুর বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল।
বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: