• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিলো ছাত্রদল

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:১৩, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিলো ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নয়টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহর অর্থায়নে এসব ফ্রিজ বিতরণ করা হয়।

শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।

অনুষ্ঠানে মাসুদ রুমি মিথুন বলেন, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সারা দেশে কাজ করছে। শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যেই ডিপ ফ্রিজ বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যখনই বিপদে পড়েছেন বা অসুবিধার সম্মুখীন হয়েছেন, ছাত্রদল তাদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের যৌক্তিক আন্দোলনে সংগঠনটি পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদের জন্য দৃষ্টান্তস্বরূপ। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার ক্ষেত্র হওয়ায় এখানে বিভিন্ন মত ও পথের মানুষ এবং সক্রিয় ছাত্রসংগঠন থাকবে। এসব সংগঠন শিক্ষার্থীদের মধ্যে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে। তাদের মধ্যে প্রতিযোগিতা হতে হবে ইতিবাচক।

তিনি আরও বলেন, এ উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে অন্য সক্রিয় ছাত্রসংগঠনগুলোও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা এমন পরিবর্তনই প্রত্যাশা করছেন। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এ আয়োজন করায় ছাত্রদল এবং এতে অর্থায়নকারী মাহবুব আলম শাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত