• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আপেল

প্রকাশিত: ১৮:৩৬, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ-৩১ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আপেল

জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের কার্যকর অংশগ্রহণের দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ জলবায়ুকর্মী আপেল আলী।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া বহুল প্রতীক্ষিত এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক ও পরিবেশবিদদের পাশাপাশি এই সম্মেলনে তরুণ জলবায়ুকর্মী হিসেবে প্রতিনিধিত্ব করছেন আপেল। তিনি কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ‘ব্রাইটার্স’, ‘ভিএসও বাংলাদেশ’ এবং ‘ভিডিএফ’-এর মতো বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

কপ-৩১ সম্মেলনে আপেলের আগ্রহের প্রধান বিষয় হলো জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ), অভিযোজন (অ্যাডাপটেশন) ও জলবায়ু অর্থায়ন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, কৃষি, পানিসম্পদ ও মানুষের জীবন-জীবিকার ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, সেগুলো তিনি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততার মতো সংকট কীভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে কঠিন করে তুলছে, তা বৈশ্বিক আলোচনায় গুরুত্ব পাওয়া প্রয়োজন বলে মনে করেন এই তরুণ।

এ প্রসঙ্গে আপেল আলী বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি মানুষের জীবন, জীবিকা ও মানবাধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, নীতি নির্ধারণের সক্রিয় অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তিনি।

দেশে ফিরে এই আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা ও নেতৃত্ব তৈরিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই শিক্ষার্থী।

বিভি/বিএস/এজেড

মন্তব্য করুন: