• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আজানের সময় গান বন্ধ করা নিয়ে কথা-কাটাকাটি, অতঃপর মারধরের শিকার!

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:৪১, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৪১, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আজানের সময় গান বন্ধ করা নিয়ে কথা-কাটাকাটি, অতঃপর মারধরের শিকার!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইশার আজানের সময় গান বন্ধ রাখতে বলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে মুঠোফোন হারান জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েম। পরে ফোন নেওয়ার বিষয়টি ভুল স্বীকার করে ক্ষমা চান সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ছাত্রশক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া মোহাম্মদ নূরুদ্দীন অপু। বিকেলে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হলে সাউন্ড বক্সে গান বাজানো হয়। একপর্যায়ে ইশার আজান শুরু হলেও গান চলতে থাকে।

এ সময় কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়কারীদের অসুবিধার কথা বিবেচনা করে আজান চলাকালে গান বন্ধ রাখার অনুরোধ জানান ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ অনুরোধকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক আহত হন বলে দাবি করেন নেতাকর্মীরা।

ঘটনার সময় ভিডিও ধারণ করছিলেন জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েম। অভিযোগ রয়েছে, এ সময় মহসিন নামের এক ব্যক্তি তাঁর মুঠোফোনটি নিয়ে নেন। পরে বিষয়টি নিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। মহসিন বলেন, ‘ফোন কেড়ে নেওয়া আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম, তিনি ছাত্রশক্তির কেউ। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।’

ঘটনার বিষয়ে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘ইশার আজানের সময়ও তাঁরা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। আমরা শুধু বলেছি, ভাই, আজানের সময় গান বন্ধ রাখতে হয়। এটা তো সাধারণ একটা বিষয়। কিন্তু এরপর তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা তাঁদের বুঝিয়ে অনুরোধ করার পরও তাঁরা আমাদের ওপর তেড়ে আসেন এবং হামলা চালান। এতে আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন।’

এদিকে হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় শাখা ছাত্রশক্তি। সংগঠনটির নেতাকর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তাঁরা ঘটনার প্রতিবাদ জানাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘দুপুরের দিকে আমরা অনুষ্ঠানে সবাই ছিলাম। তবে বিকেলের দিকে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরাও অনুষ্ঠান শেষ করেছেন। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।’

অন্যদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

বিভি/জবি/পিএইচ

মন্তব্য করুন: