• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাবি কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১৯:৫১, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫২, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাবি কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণ, পেশাগত আচার-আচরণ ও সৌজন্যবোধের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা সুদৃঢ় করার লক্ষ্যে ১৫ কার্যদিবসব্যাপী অফিস ম্যানেজমেন্ট/ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পেশাগত দক্ষতা অর্জন ও নিজেকে সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই; বরং কর্মজীবনের প্রতিটি পর্যায়ে নতুন কিছু শেখার মানসিকতা থাকা প্রয়োজন। দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা থাকলেও দাপ্তরিক কাজের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সব সময় রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের মান উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, অফিস ব্যবস্থাপনা শুধু ফাইল ও নোট লেখা কিংবা নিয়মিত দাপ্তরিক কাজ সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পেশাগত শিষ্টাচার, সৌজন্যবোধ, যোগাযোগের দক্ষতা, সময়ানুবর্তিতা, রেকর্ড ব্যবস্থাপনা, সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ এবং দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়গুলোও গভীরভাবে সম্পৃক্ত। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অফিস ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্মার্ট করতে হবে। দাপ্তরিক কাজে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সেবার মান ও গতিশীলতা বাড়াতে কর্মকর্তাদের দক্ষতা অর্জন জরুরি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এ সময় হিসাব পরিচালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দক্ষ ও দায়িত্বশীল জনবলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও কর্মসম্পাদনের মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে দাপ্তরিক কাজের ধরন ও ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে। তাই আধুনিক প্রযুক্তি, নতুন কর্মপদ্ধতি এবং প্রশাসনিক বিধি-বিধান সম্পর্কে কর্মকর্তাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও সেবামুখী করে তুলতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রশিক্ষণকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে পেশাগত উৎকর্ষ অর্জনের একটি কার্যকর সুযোগ হিসেবে গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, উদ্বোধনী পর্বের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা (প্রথম ব্যাচ) প্রশিক্ষণ গ্রহণের জন্য কুমিল্লার উদ্দেশে রওনা হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত