ঢাবির চার ইউনিটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময় সূচি প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবিএ ইউনিট ছাড়া বাকি চার ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর এবং চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর।
আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত চলবে। আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বিভি/এজেড













মন্তব্য করুন: