এইচএসসির প্রশ্ন নিয়ে ফের বিতর্ক, হেয় করা হলো আনিসুল হককে
চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ নিয়ে দেশজুড়ে যখন চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই সামনে এলো নতুন বিতর্ক। কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে লেখক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে।
গত রবিবার (৬ নভেম্বর) কারিগরি বোর্ডের বাংলা-২-এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে বলা হয় ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে আনিসুল হক বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’ এরপর প্রশ্নপত্রের ১ প্রশ্ন করা হয়েছে, (ক) ‘যশ’ শব্দের অর্থ কী? (খ) ‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।’ উক্তিটি ব্যাখ্যা কর। (গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আলোকে ব্যাখ্যা কর। (ঘ) সাহিত্যের উন্নতিকল্পে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।
এখানে স্পষ্টতই আনিসুল হক ও তার লেখাকে হেয় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান জানান, এ প্রশ্নপত্র তৈরিতে যুক্ত শিক্ষককে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: