• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

আসিফের গানে মডেল হচ্ছেন ফারজানা সিঁথি

প্রকাশিত: ১৫:০৩, ১৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আসিফের গানে মডেল হচ্ছেন ফারজানা সিঁথি

জুলাই আন্দোলনের পুলিশের চোখে চোখ রেখে কথা বলে ভাইরাল হয়েছিলেন ফারজানা সিঁথি। সেসময় সংগ্রামী ভূমিকার জন্য বেশ প্রশংসিত হোন তিনি। তবে পতনের পরে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন সিঁথি। সবকিছু ছাপিয়ে এবার তিনি নতুন করে আলোচনায় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গানে মডেল হয়ে।                    

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর ফেসবুকে ফারজানা সিঁথির সঙ্গে ছবি শেয়ার করে নতুন গানের ঘোষণা দেন। জানা যায়, ‘ইচ্ছেরা’ নামের গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি দু’টি ভাষায়। আর গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জী।

হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। আসিফ আকবরের সঙ্গে রোমান্টিক মেলোডিয়াস এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। 

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। 

নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।'

গানে মডেল হওয়া নিয়ে সিঁথি বলেন, 'আমি মডেলিং করি ২০১৯ সাল থেকে। আসিফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ ও গায়ক। তাই তিনি যখন আমাকে তার গানে মডেল হতে বলেন তখন আমার জন্য সেটা সত্যি আনন্দের। আগামী সপ্তাহে গানটির শুটিং শুরু হবে।'

গানটিতে সিঁথির সঙ্গে মডেল হবেন বর্তমান সময়ের আরেক পরিচিত মুখ শেখ সাদী।  শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

বিভি/জোহা

মন্তব্য করুন: