• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

আবারও জবির সংগীত বিভাগের চেয়ারম্যান হলেন অনিমা রায় 

প্রকাশিত: ২১:০৯, ২৮ মে ২০২৫

ফন্ট সাইজ
আবারও জবির সংগীত বিভাগের চেয়ারম্যান হলেন অনিমা রায় 

ছবি: ড. অণিমা রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ পেয়েছে নতুন নেতৃত্ব। তিন বছরের জন্য বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুসারে কলা অনুষদের ডিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ড. অণিমা রায়কে সংগীত বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

দীর্ঘদিন ধরে সংগীত জগতে রবীন্দ্রসংগীতের ধারাকে নিজস্ব কণ্ঠে এবং গবেষণায় সমৃদ্ধ করে আসা ড. অণিমা রায় এই পদে আসীন হওয়ায় একাডেমিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক সাড়া পড়েছে। তার এই নিয়োগকে অনেকেই বিশ্ববিদ্যালয়ের সংগীত শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন। জানাচ্ছেন অভিনন্দনও।

নতুন দায়িত্ব নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন,‘যেহেতু আমরা সংগীত বিভাগ, সংগীতই আমাদের ভাষা। সুর ও বাণীর সমন্বয়ে যথাসম্ভব সংগীতের আবহকে আরও জাগ্রত করতে চাই।’

এর আগেও একই বিভাগের দায়িত্ব পালন করেছেন অণিমা রায়। আবারও এই দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সব সময় এগিয়ে যাওয়ার দলেই ছিলো। ছয় বছর আগে যে পরিবেশটা রেখে আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিলো, সে সময় আমার মনে আছে- প্রথমবার জবিতে সংগীত উৎসব করেছিলাম দু দিনব্যাপী, তখন সেটা সমগ্র দেশে আলোড়ন ফেলেছিলো।’

তিনি বলেন, ‘এবারও এই দায়িত্ব পেয়ে আমার চেষ্টা থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগকে আলো জলমলে একটি বিভাগ করে তুলতে। এবং সবার কাছে যেন বিভাগটি দৃষ্টান্ত হয়ে থাকে, সেভাবেই কাজ করবো। মোট কথা, সংগীতাঙ্গনে সকলের কাছে ভালো ও উল্লেখযোগ্য কাজের উদাহরণ হতে চাই।’

ড. ঝুমুর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করছেন অণিমা রায়। শিক্ষকতা, গবেষণা ও শিল্পকর্মে তার অভিজ্ঞতা আগামী দিনগুলোতে বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2