স্ত্রী ইকরার আত্মহত্যা, মামলায় প্রধান আসামি স্বামী আলভী
স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। তার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, মামলায় জাহের আলভী ছাড়াও তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার মায়ের নামও রয়েছে।
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। প্রমাণ সংগ্রহ ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা বিস্তারিতভাবে অনুসন্ধান করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: