• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাহুলের মৃত্যু ঘিরে নতুন রহস্য!

প্রকাশিত: ১৭:৫১, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন রহস্য!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্যের মেঘ যেন কিছুতেই কাটছে না। অভিনেতার আকস্মিক প্রয়াণ কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে চরম গাফিলতি। যা প্রশ্ন উঠছে নানা মহলে।

উড়িশা ও পশ্চিমবঙ্গ পুলিশের বয়ান এবং হাসপাতালের দেওয়া তথ্যের মধ্যে সময়ের যে বিস্তর ফারাক মিলছে, তাতে দানা বাঁধছে গভীর রহস্য। ১৩ মিনিটের পথ পার করতে কেন এক ঘণ্টার বেশি সময় লাগলো, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টালিউড থেকে দিঘার উপকূলে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ উড়িশার তালসারিতে দুর্ঘটনাটি ঘটে। অথচ, দিঘা হাসপাতালে রাহুলকে যখন আনা হয়, তখন ঘড়িতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট। অর্থাৎ, মাঝখানের ৭০ মিনিট ঠিক কী হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। 

দিঘার হাসপাতাল সুপার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হলেও, প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে হাসপাতালে আনার অনেক আগেই অভিনেতার মৃত্যু হয়। সুপারের মতে, আরেকটু আগে আনা গেলে হয়তো অভিনেতাকে বাঁচানো সম্ভব হতো।

তালসারি থেকে দিঘা হাসপাতালের দূরত্ব ১৩ থেকে ১৫ মিনিট। সেখানে ৭০ মিনিট সময় অতিবাহিত হওয়া সন্দেহের সৃষ্টি করেছে। 

যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি সুবর্ণরেখা নদীর মোহনা, যা পরে সমুদ্রে মিশেছে। স্থানীয়দের মতে, এই অঞ্চলের ভৌগোলিক গঠন অত্যন্ত জটিল ও বিপজ্জনক। এখানকার সমুদ্রের চরিত্র আর পাঁচটা সৈকতের মতো নয়। ঢেউয়ের প্রকৃতি এখানে অনিশ্চিত, আর মাটির গঠন কোথাও উঁচু তো কোথাও আচমকা নিচু। জলের নিচে কী আছে, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। 

সবচেয়ে ভীতিপ্রদ বিষয় হল এখানকার 'চোরাবালি'। এই মরণফাঁদের কারণেই পর্যটকদের এখানে নামতে নিষেধ করা হয়। কিন্তু স্থানীয়দের দাবি, সমুদ্র সৈকতের কোনও স্থানীয় মানুষকে শ্যুটিংয়ের আশেপাশে ঘেঁষতে দেয়নি প্রোডাকশন হাউজ। উড়িশা ও বাংলা, দুইদিকের পুলিশের কাছ থেকেই কোনও শুটিংয়ের অনুমতি নেয়নি প্রযোজনা সংস্থা। 

স্থানীয় নৌকার মাঝিদের দাবি, যখন রাহুলকে তারা ডুবতে দেখেন, নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে যান। তাঁদের দাবি রাহুলকে জল থেকে যখন তোলা হয়, তখনও তাঁর জ্ঞান ছিল। তাহলে কি উদ্ধারের পর চিকিৎসার সুবন্দোবস্ত করতে দেরি হওয়ায় অমূল্য সময় নষ্ট হল?

স্থানীয়দের বয়ান অনুযায়ী, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কেন পর্যটকদের সেখানে থাকতে দেওয়া হলো বা কেনই বা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ নামল, তা খতিয়ে দেখছে পুলিশ। টলিউডের এই প্রতিভাবান অভিনেতার মৃত্যু কি শুধুই প্রকৃতির রুদ্ররূপ, নাকি এর পিছনে সময়ের হিসেবে কোনও বড়সড় লুকোচুরি রয়েছে, তা তদন্তসাপেক্ষ।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত