দ্বিতীয় সন্তানের অপেক্ষায় সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপিকা-রণবীর
দীপিকা পাডুকোন ও রণবীর সিং
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং। শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে গণেশের আশীর্বাদ নিলেন এই তারকা দম্পতি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রণবীরের বাবা-মা জগজিৎ সিং ভবনানি ও অঞ্জু ভবনানি।
মন্দিরে যাওয়ার সময় উৎসবের সাজে দেখা যায় দীপিকা ও রণবীরকে। রণবীর পরেছিলেন বেগুনি রঙের কুর্তার সঙ্গে সাদা পায়জামা। অন্যদিকে, দীপিকার পরনে ছিল ভারী কাজ করা রঙিন সালোয়ার-কামিজ।
এ দম্পতিকে একনজর দেখতে মন্দিরের বাইরে ভিড় করেন অসংখ্য ভক্ত। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে মন্দিরে প্রবেশ করেন তারা। ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেও ভক্তদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় দীপিকা ও রণবীরকে।
এর আগে বৃহস্পতিবার একাই মুম্বাইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গিয়েছিলেন রণবীর। সেখানেও তার পরনে ছিল সাদা চিকনকারি কুর্তা-পায়জামা। মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তখন দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রথম সন্তান দুয়ার জন্মের আগে ওই মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন তারা। সেবার সবুজ শাড়িতে দীপিকার ঐতিহ্যবাহী সাজ ভক্তদের নজর কেড়েছিল।
প্রথম সন্তান দুয়াকে অবশ্য বেশিরভাগ সময়ই ক্যামেরার আড়ালে রাখেন দীপিকা-রণবীর। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের কিছু ঝলক শেয়ার করেন তারা। সম্প্রতি দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবরের আবহে একটি ফটোশুটের ছবি প্রকাশ করেন এই দম্পতি।
এদিকে দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া অ্যাটলির আসন্ন সায়েন্স ফিকশন সিনেমা ‘রাকা’-তেও আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন তিনি।
অন্যদিকে, রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায়। বর্তমানে তিনি ‘প্রলয়’ নামের পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বিভি/জোহা













মন্তব্য করুন: