বিক্ষোভে অংশ নিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান
বলিউড অভিনেতা ইমরান খান
বলিউড অভিনেতা ইমরান খানকে মুম্বাইয়ে একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় আটক করে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে এ ঘটনা ঘটে। পরদিন রোববার তাঁর বিরুদ্ধে অন্যদের সঙ্গে এফআইআর দায়েরের খবর প্রকাশিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কক্রোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের প্রতি সংহতি জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন ইমরান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে দলটির কর্মসূচির সমর্থনে মুম্বাইয়েও বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
মুম্বাই পুলিশের দাবি, কর্মসূচিটির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ কারণে বিক্ষোভস্থল থেকে চার শতাধিক মানুষকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন ইমরান খানের বান্ধবী লেখাহ ওয়াশিংটন ও তাঁর কাজিন জাইন মেরি খানও।
আটক হওয়ার আগে ইমরান সংবাদমাধ্যমকে জানান, কোনো নির্দিষ্ট দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের একজন নাগরিক হিসেবে মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং তাঁদের কণ্ঠস্বর কেন দমন করা হচ্ছে, তা জানতে ও প্রতিবাদ জানাতেই তিনি উপস্থিত হয়েছিলেন। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন বলেও জানান অভিনেতা।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ইমরান লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।’ ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়।
এদিকে, বিক্ষোভের ঘটনায় মুম্বাইয়ের গামদেবী থানায় ইমরান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এফআইআর দায়ের হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে প্রধান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান ইমরান খান। ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘দিল্লি বেলি’ ও ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমায় অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন তিনি।
বিভি/জোহা













মন্তব্য করুন: