এক দশক পর নায়কের ভূমিকায় ইমরান খান
দীর্ঘ এক দশকের বিরতি শেষে আবারও প্রধান চরিত্রে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তার প্রত্যাবর্তনের সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’ মুক্তির অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে সিনেমাটি। সেই লক্ষ্য সামনে রেখে দ্রুতগতিতে চলছে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ।
২০২৬ সালের শুরুর দিকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এবার বড়দিনের ছুটিকে সামনে রেখে নতুন করে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটিতে ইমরান খানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর।
সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে ইমরান খান বলেন, “আমাদের জানানো হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি, অর্থাৎ ১৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে ছবিটি জমা দিতে আমরা দ্রুত কাজ করছি। যেহেতু এটি প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তাই আমার মনে হয় না মুক্তির তারিখ খুব একটা পার্থক্য তৈরি করবে। আমি শুধু আনন্দিত যে অবশেষে সিনেমাটি সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।”
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ ছিল প্রধান চরিত্রে ইমরান খানের সর্বশেষ সিনেমা। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ফলে ‘আধুরে হাম আধুরে তুম’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর বড় পর্দার নায়ক হিসেবে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
অবশ্য চলতি বছর ‘হ্যাপি প্যাটেল: খাতরনাক জাসুস’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে ইমরানকে। আমির খান প্রযোজিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বীর দাস ও কাভি শাস্ত্রী।
দীর্ঘ অপেক্ষার পর আবারও প্রধান চরিত্রে ইমরান খানকে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। এখন দেখার বিষয়, ডিসেম্বরের নির্ধারিত সময়েই ওটিটি পর্দায় ফিরতে পারেন কি না এই অভিনেতা।
বিভি/জোহা













মন্তব্য করুন: