তাজমিনের ধর্ষক ও হত্যাকারী কে, জানালো পুলিশ
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তাজমিনকে বহনকারী অটোরিকশা চালক সুমনই তাকে দিকভ্রান্ত করে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে গলায় গামছা পেচিঁয়ে শ্বাসরোধ করে তাজমিনকে হত্যা করেন সুমন।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তাজমিন সুমন নামের ওই সিএনজিচালিত অটোরিকশাচালককে কুমিল্লা রেসকোর্স নামিয়ে দেওয়ার জন্য ভাড়া করে। এসময় অটোরিকশাচালকের মনে দুষ্ট চিন্তা ভর করে। পদুয়ার বাজার থেকে শহরের দিকে না নিয়ে অটোরিকশা চালক তাজমিনকে নিয়ে বিজরার দিকে চলে যায়। দীর্ঘ সময় ধরে এদিক-সেদিক ঘুরিয়ে তাকে লালমাই উপজেলার জগতপুর এলাকার নির্জন রাস্তায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভিকটিম তাজমিনও অটোরিকশা চালক সুমনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির সময় অটোরিকশাটি ধানক্ষেতে কাত হয়ে পড়ে যায়। এতে ভিকটিম দুর্বল হয়ে পড়ে। পরে কয়েকটি ধানক্ষেতে দৌড়ে ভিকটিমকে কাবু করে ফেলেন সুমন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে সুমন ভিকটিমকে ধর্ষণের কথা স্বীকার করে। ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে পাশের এলাকার একটি পুকুরে গিয়ে গোসল করে। যাওয়ার সময় ভিকটিমের ব্যাগ থেকে ব্যবহৃত আইফোন নিয়ে যায়। আইফোনটি একটি ধানক্ষেতে লুকিয়ে রেখে চট্টগ্রামের দিকে চলে যান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে ফেলে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটির রেজিস্ট্রেশন ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সুমনকে চট্টগ্রাম নগরীর একটি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে। জবানবন্দি দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে আদালতে তুলব। তোলার পর বুঝা যাবে।
সংবাদ সম্মেলনে লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার, উপপরিদর্শক অর্ণব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর স্কুলে যায়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করছেন। তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। গত বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা ১৯ মিনিটের সময় তাকে সবশেষ কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে দেখা গেছে। ওইদিন রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে তার লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যেতে বলে একটি বার্তা দেয়। তখন বাবা ঘুমিয়ে থাকায় সে বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে অজ্ঞাত হিসেবে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্ত হয়। মরদেহের পাশে পড়ে থাকা সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। ঘটনার পর নিহত তাজমিনের বাবা আব্দুল আলিম বাদি হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: