• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেয়ে মালতি ও প্রিয়াঙ্কার সঙ্গে নিকের মিষ্টি মুহূর্ত

প্রকাশিত: ২২:৪৪, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেয়ে মালতি ও প্রিয়াঙ্কার সঙ্গে নিকের মিষ্টি মুহূর্ত

মঞ্চে গানের তালে মাতিয়ে রাখেন হাজারো ভক্তকে। কিন্তু মঞ্চের আলো-ঝলমলে জীবনের বাইরে নিক জোনাসের সবচেয়ে বড় আনন্দ যেন পরিবার। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মেয়ে মালতি মেরিকে নিয়ে কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই মার্কিন সংগীতশিল্পী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেন নিক। সেখানে যেমন রয়েছে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে কনসার্টের মুহূর্ত, তেমনি দেখা গেছে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোর দৃশ্য। ছবিগুলোর মধ্যে বিশেষ নজর কেড়েছে মেয়ে মালতিকে বুকে জড়িয়ে ধরার মুহূর্তটি। বাবার কাছে ছুটে আসা ছোট্ট মালতির সঙ্গে নিকের এই মিষ্টি সময় মন কেড়েছে ভক্তদের।

আরেকটি ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় নিককে। ব্যস্ত সফর ও কনসার্টের মধ্যেও পরিবারকে সময় দেওয়ার এই দৃশ্যগুলো ভক্তদের সামনে তুলে ধরেছে তার জীবনের অন্য এক দিক।

ছবিগুলোর ক্যাপশনে নিক লিখেছেন, ‘I am on one’। বর্তমানে ‘বার্নিং আপ’ ট্যুরে ব্যস্ত এই সংগীতশিল্পী। কাজের ব্যস্ততার মাঝেও স্ত্রী ও মেয়ের সঙ্গে কাটানো সময় যে তাঁর কাছে কতটা মূল্যবান, সেই আভাসই মিলেছে ছবিগুলোতে।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের পরিবারে আসে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস।

তারকাখ্যাতি, মঞ্চের আলো আর হাজারো ভক্তের ভালোবাসার বাইরে নিকের কাছে পরিবারের এই ছোট ছোট মুহূর্তই যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত