• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক জবাব রাশ্মিকার স্বামী বিজয়ের

প্রকাশিত: ১৮:১২, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:১৬, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক জবাব রাশ্মিকার স্বামী বিজয়ের

বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানার সঙ্গে ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে বিজয় দেবেরাকোন্ডা। এবার স্ত্রীকে নিয়ে কটাক্ষের জবাব দিলেন এই অভিনেতা। জানালেন, তাঁরা দুজন একসঙ্গে সুখেই আছেন।

স্ত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। নিজের ইনস্টাগ্রামে রাশ্মিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও শেয়ার করে তিনি স্পষ্ট করেছেন, অনলাইন সমালোচনা তাঁদের সুখে কোনো প্রভাব ফেলেনি।

পোস্টে রাশ্মিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ও স্ত্রী হিসেবে উল্লেখ করে বিজয় লেখেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্ত্রী, আমার নারী। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো তাঁকে নিজের জীবনে পাওয়া। এ বিষয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা আমাদের নিয়ে চিন্তিত, তাঁদের জানিয়ে রাখি, আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ভাগ্যবান। আমি আর সে যদি পুরো বিশ্বের বিপক্ষে থাকি, তাতেও আমাদের আপত্তি নেই।’

ভালোবাসাকে সম্মান করেন এবং সহজ-সরলভাবে সুখে থাকতে চান, এমন মানুষদের প্রতি ভালোবাসাও জানিয়েছেন অভিনেতা। তবে পোস্টের শেষাংশে সমালোচকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। বিজয়ের কথার সারমর্ম, যাঁরা তাঁদের সুখ মেনে নিতে পারছেন না, তাঁদের প্রতি কোনো সৌজন্য বা সম্মান দেখানোর প্রয়োজন বোধ করেন না তিনি।

সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে হাজির হন বিজয় ও রাশ্মিকা। সেখানে নিজেদের সম্পর্ক, বিয়ে ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। অনুষ্ঠানটির কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানে বিজয় জানান, বিয়েতে রাজি হওয়ার আগে রাশ্মিকাকে তাকে ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল। অন্যদিকে রাশ্মিকা জানান, বিজয়কে রাজি করাতে প্রায় এক বছর ধরে তাদের মধ্যে আলোচনা চলেছিল। তাদের এই কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক মন্তব্য করেন। কেউ কেউ বিজয়ের আচরণকে অহংকারী বলেও সমালোচনা করেন।

বিজয়ের আগে রাশ্মিকাও সমালোচনার জবাব দিয়েছেন। দীর্ঘ এক বিবৃতিতে তিনি তাদের সম্পর্ক নিয়ে অনলাইন আলোচনা ও কটাক্ষের সমালোচনা করেন। রাশ্মিকার বক্তব্য, বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বাইরের মানুষের অনুমান তাদের বাস্তব জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না।

বিজয়ের কঠিন সময়ে স্বামীর পাশে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তাদের পরিবারকে লক্ষ্য করে মন্তব্য করার বিরোধিতা করেন রাশ্মিকা। তার মতে, নারীবাদের আড়ালে এ ধরনের আচরণ আসলে হয়রানিরই একটি রূপ।

উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০১৮ সালের তেলুগু সিনেমা ‘গীতা গোবিন্দম’-এ। পরে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায়ও জুটি বাঁধেন তাঁরা। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পর ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করেন এই তারকা জুটি।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত