• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

অক্টোবরে দেখার মতো ১২ সিনেমা, তালিকায় টম ক্রুজ-ইলন মাস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২৬, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অক্টোবরে দেখার মতো ১২ সিনেমা, তালিকায় টম ক্রুজ-ইলন মাস্ক

চলতি অক্টোবর মাসে দর্শকদের জন্য আসছে নানা ঘরানার সিনেমা। হরর, রোমান্টিক ড্রামা, অ্যাকশন, ফ্যান্টাসি থেকে শুরু করে তথ্যচিত্র—সব মিলিয়ে বড় পর্দা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে থাকছে বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কালচারের অক্টোবর মাসের সেরা ১২ সিনেমার তালিকায় জায়গা পেয়েছে হলিউডের জনপ্রিয় তারকাদের বেশ কয়েকটি চলচ্চিত্র।

তালিকার অন্যতম আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘ডিগার’। অ্যাকশনধর্মী চরিত্রের বাইরে এবার তাঁকে দেখা যাবে ব্যঙ্গাত্মক কমেডিতে। ছবিতে তিনি অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক অদ্ভুত তেল ব্যবসায়ীর চরিত্রে, যার প্রতিষ্ঠানের কারণে পরিবেশ বিপর্যয় ঘটে।

এ ছাড়া রয়েছে অ্যান হ্যাথাওয়ে অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘ভেরিটি’। কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে এক রহস্যময় লেখিকার গল্প তুলে ধরা হয়েছে। দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া ওই লেখিকার অসমাপ্ত উপন্যাস শেষ করতে এসে নানা অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন আরেক লেখক।

জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত নতুন ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ও রয়েছে তালিকায়। জর্জিয়া ওকলি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস ও এসমে ক্রিড-মাইলস।

ভৌতিক সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে জেসিকা চ্যাস্টেইন অভিনীত ‘আদার মামি’। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও ফেসবুকের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য সোশ্যাল রেকনিং’ও রয়েছে আলোচনায়।

এ ছাড়া অলিভিয়া কোলম্যান অভিনীত ফ্যান্টাসি ছবি ‘উইকার’, কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণপামজয়ী নির্মাতা ক্রিস্তিয়ান মুঙ্গিউর ‘ফিয়র্ড’, দক্ষিণ কোরীয় নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’, এভারেস্ট অভিযানের গল্প ‘তেনজিং’ এবং ভিডিও গেম অবলম্বনে নির্মিত ‘স্ট্রিট ফাইটার’ রয়েছে তালিকায়।

স্পেনের ইতিহাসে উপেক্ষিত সমকামী পরিচয়ের গল্প নিয়ে নির্মিত ‘লা বোলা নেগ্রা’ এবং ইলন মাস্ককে কেন্দ্র করে নির্মিত অ্যালেক্স গিবনির তথ্যচিত্র ‘মাস্ক’ও জায়গা পেয়েছে বিবিসির বাছাইয়ে।

সব মিলিয়ে অক্টোবরের সিনেমার তালিকায় যেমন রয়েছে তারকানির্ভর বড় বাজেটের আয়োজন, তেমনি আছে সামাজিক বাস্তবতা, রহস্য ও মানবিক সম্পর্কের গল্প। তবে বিভিন্ন দেশে সিনেমাগুলোর মুক্তির তারিখে পার্থক্য থাকতে পারে। ‘পসিবল লাভ’ নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত