ফ্রান্সে হিফযুল কোরআনে বাংলাদেশি শিশুদের একাধিক পুরস্কার জয়
ফ্রান্সের লো বুর্জে এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দেশটির মুসলমানদের বৃহত্তম বার্ষিক সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের উজ্জ্বল সাফল্যের খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা একাধিক পুরস্কার অর্জন করেছে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি অংশগ্রহণকারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখে। কোরআন তেলাওয়াত, ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ, আরবি ভাষা এবং নৈতিক শিক্ষা বিষয়ক উপস্থাপনায় তারা বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে।
হিফযুল কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের চারজন শিক্ষার্থী অংশ নেয়। তারা হলেন শরিফ ইসলাম সাবরি, রাইয়ান ফারুক, আরমান উদ্দিন এবং ওবাইদ খান। প্রতিযোগিতায় শরিফ ইসলাম সাবরি তৃতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের অর্থ পুরস্কারের পাশাপাশি বিভিন্ন সম্মাননা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া যারা ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
৩ থেকে শুরু হওয়া ৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলনটি ইউরোপের অন্যতম বৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত। এতে বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম পরিবার, আলেম-উলামা, শিক্ষাবিদ এবং শিশু-কিশোররা অংশ নেয়। ধর্মীয় আলোচনা ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, বইমেলা এবং সামাজিক কার্যক্রমের সমন্বয়ে এটি বহুমাত্রিক আয়োজন হিসেবে পরিচিত।
প্রবাসী বাংলাদেশি অভিভাবকরা শিশুদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।
কমিউনিটি নেতাদের মতে, এ ধরনের অর্জন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখবে।
পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি একটি জাতির ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিভি/এজেড



মন্তব্য করুন: