• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় বিএনপির বর্ণাঢ্য আয়োজন

মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া  

প্রকাশিত: ২৩:০৮, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ২৩:০৮, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় বিএনপির বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখা ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ‘প্রবাসীদের মিলন মেলা’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। 

রবিবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে। 

বিএনপি মালয়েশিয়া শাখার দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন) ও সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। এ সময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।

সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি তুলে ধরা হয়। পাশাপাশি ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নানা আয়োজন ছিল, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রাম শেষে এক নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অর্জনে বিদেশের মাটিতে থাকা প্রবাসী বাংলাদেশি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যোদ্ধাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। 

প্রধান অতিথি আরও বলেন, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান তার বক্তব্যে বলেন,  আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পররাষ্ট্রনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ১৬ বছরের আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষ করে, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, তার সঠিক দিকনির্দেশনার কারণেই ৫ই আগস্ট পরবর্তী সময়ে দেশে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। 

বর্তমানে সরকার গঠনের মাত্র দেড় মাসের মাথায় তারেক রহমানের নির্দেশে জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি এবং সকল ধর্মের ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদানের মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে। 

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন, যা দেশের মানুষের জন্য এক বিরল দৃষ্টান্ত। পরিশেষে, প্রবাসীদের আন্তরিকতা ও দেশপ্রেমের প্রশংসা করে একটি সন্ত্রাসমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ ও ফজলুল করিম সোহরাবসহ আরও অনেকে।  

বক্তারা প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা দিবসের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে ঈদের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে এই মিলন মেলার আয়োজনকে সাধুবাদ জানান। আলোচনা সভা শেষে প্রবাসীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র স-সভাপতিমাহবুব আলম শাহ, সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, বিএনপি নেতা দাতুক মোঃ আরিফুল ইসলাম বিলাত, মোঃ জহিরুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, যুবদল মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমজান আলীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত