অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ডিজিটাল সেতুবন্ধন অ্যাপ উদ্বোধন
প্রযুক্তির সেতুবন্ধন যখন বিশ্বকে ছোট করে দিচ্ছে, ঠিক তখনই অস্ট্রেলিয়ায় জন্ম নিল এমন একটি উদ্যোগ, যা প্রবাসী জীবনের প্রতিদিনের প্রয়োজনকে করবে আরও সহজ, আরও সংযুক্ত। এই ডিজিটাল যাত্রার নাম Shetu‑AU অ্যাপ।
২৯ মার্চ বিকেলে সিডনির ক্যাম্পবেলটাউনের রিজেস হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটির যাত্রা শুরু হয়। কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। তিনি “Shetu‑AU” অ্যাপের ডেভেলপার প্রতিষ্ঠান Connect Bangladeshi Diaspora Pty Ltd. (CBD)-এর প্রতিষ্ঠাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অ্যাপ প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শেলী সালেহীন, কনসাল মো. জাহাঙ্গীর আলম খান রানা এবং সাবরিন ফারুকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহীম খলিল মাসুদ, অ্যাশ রহমান, মোহাম্মদ জামান টিটু, আব্দুল খান রতন, আলামগীর ইসলাম, কামাল পাশা প্রমুখ।
বক্তারা বলেন, “Shetu App” প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ, তথ্য বিনিময় এবং বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে। বিশেষ করে নতুন প্রজন্ম ও নতুন অভিবাসীদের জন্য এটি একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয় “Shetu‑AU” অ্যাপের এই যাত্রা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: