১১ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুই ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাংলাদেশি দম্পতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ এক বাংলাদেশি দম্পতি। বড় ছেলে শাহ আদ্রীর (২৬) মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ছোট ছেলে শাহ ওয়াদি (১০)। দুই সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে, সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
মারা যাওয়া দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ছেলে শাহ আদ্রী সম্প্রতি একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। অন্যদিকে, ছোট ছেলে শাহ ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। বড় ছেলেকে হারানোর শোক সামলে ওঠার আগেই গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহ ওয়াদি।
দুই সন্তানকে হারিয়ে পরিবারটির সদস্যরা এখন শোকে মুহ্যমান। নিহত দুই ভাইয়ের মামাতো ভাই তাজুল বাহার ও কামরুল হাসান জানান, একই পরিবারের দুই সম্ভাবনাময় সন্তানের এমন অকালমৃত্যু স্বজনদের গভীরভাবে ভেঙে দিয়েছে।
তারা জানান, সন্তান হারানোর শোকে বাবা শাহ আসাদ মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, মা মেজো ছেলে শাহ আয়ানকে জড়িয়ে ধরে বারবার বিলাপ করছেন।
পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের পাশাপাশি হবিগঞ্জের চুনারুঘাটের ফুলবাড়ি গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: