• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নরেন্দ্র মোদীকে জড়িয়ে মিয়া গোলাম পরওয়ারের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশিত: ১২:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নরেন্দ্র মোদীকে জড়িয়ে মিয়া গোলাম পরওয়ারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ‘৫ লক্ষ চাকরীচ্যুত ভারতীয়কে বাংলাদেশে ফিরিয়ে আনবো’ বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৫ লক্ষ চাকুরীচ্যুত ভারতীয়কে বাংলাদেশে ফিরিয়ে আনবো বলে নরেন্দ্র মোদীকে জড়িয়ে কোনো মন্তব্য করেননি মিয়া গোলাম পরওয়ার। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি মিয়া গোলাম পরওয়ারের নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা জামায়াত সংশ্লিষ্ট সূত্রে আলোচিত মন্তব্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে, আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে সূত্র হিসেবে ব্যবহার করতে দেখা যায়। তবে, উক্ত তারিখের সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে আলোচিত মন্তব্য সংবলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, প্রচারিত মন্তব্যটি মিয়া গোলাম পরওয়ার কোথাও করেছেন কি না সে বিষয়ে বিস্তারিত জানতে তার ব্যক্তিগত সহকারী মো. হাসান ফয়জুল্লাহ এর সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। প্রত্যুত্তরে হাসান ফয়জুল্লাহ জানান, মিয়া গোলাম পরওয়ার এমন কোনো মন্তব্য করেননি। 

সুতরাং, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার “৫ লক্ষ চাকরীচ্যুত ভারতীয়কে বাংলাদেশে ফিরিয়ে আনবো” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি ভুয়া। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: