• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

প্রকাশিত: ১২:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে দেশের জনসাধারণ আসন্ন নির্বাচন প্রত্যাখান করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে—এমন দাবিতে Mustafa Kamal Pasha নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওগুলো আসন্ন নির্বাচন প্রত্যাখান করে জনসাধারণের বিক্ষোভের নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পুরনো ভিডিওকে আলোচিত দাবির সঙ্গে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১:
প্রথম ভিডিওটিতে একটি ব্যানার হাতে তরুণদের একটি মিছিল দেখা যায়। ভিডিওর বামপাশে উপরের দিকে একটি লোগোও রয়েছে। সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ব্যানারে ‘ডিপ্লোমা’ এবং লোগোটিতে ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট’ লেখা রয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের ফেসবুক পেজে ৩১ জানুয়ারি একই ভিডিও প্রচারিত হয়। ব্যানার থেকে জানা যায়, ভিডিওটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক পদক্ষেপের প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রীধারীদের সমস্যা নিরসন কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির মিছিল। ভিডিওতে শিক্ষার্থীরা নির্বাচন ভবনের দিকে অগ্রসর হচ্ছিল।

পরবর্তীতে দেখা যায়, শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা কার্যালয়েও স্মারকলিপি প্রদান করেন। গণমাধ্যম বাংলাভিশনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টা উভয় কার্যালয়েই স্মারকলিপি প্রদান করেছেন।

অর্থাৎ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারায় জনসাধারণের নির্বাচন প্রত্যাখান করে বিক্ষোভ করার দাবির সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ২:
দ্বিতীয় ভিডিওটি Device exchange BD ফেসবুক পেজে ১৭ জানুয়ারি প্রচারিত হয়। ভিডিওতে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল দেখা যায়, যারা তোয়েব নামের ব্যক্তির পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছিল। সমকালের ইউটিউব চ্যানেলে একই মিছিলের ভিন্ন এঙ্গেল থেকে ধারণকৃত ভিডিও পাওয়া যায়। ভিডিওটি আগারগাঁওয়ে ধারণ করা হয়েছে।

২০১৯ সালের ২৯ অক্টোবর সরকার অনিবন্ধিত মুঠোফোন ব্যবহারের নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার ঘোষণা দেয়। এ ঘোষণার প্রেক্ষিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। আলোচিত ভিডিওটি সেই আন্দোলনের মিছিলের, যা নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।

ভিডিও যাচাই ৩:
নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনারের কার্যালয় ঘেরাও করার দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি এশিয়া পোস্ট ফেসবুক পেজে ১৮ জানুয়ারি আগে থেকেই দেখা গেছে। ভিডিওতে কারা অবস্থান নিয়েছে বা কেন তা স্পষ্ট নয়। পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। সুতরাং এই ভিডিওটিরও আসন্ন নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৪:
সর্বশেষ ভিডিওটি al momin sikdar ইউটিউব চ্যানেলে ১১ অক্টোবর ২০২৪-এ প্রকাশিত। ভিডিওটির মাঝের অংশ ক্রপ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওতে থাকা একই ব্যক্তিদের উপস্থিতি এবং ব্যানারের বিশ্লেষণ থেকে দেখা যায়, এটি গফরগাঁও উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। ফেসবুক পোস্ট অনুসারে, মিছিলটি ৪ আগস্ট ২০২৪-এ, সরকারের পতনের আগের দিনে অনুষ্ঠিত হয়।

উপসংহার:
আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘটনায় জনসাধারণের নির্বাচন প্রত্যাখান করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওগুলো পূর্ববর্তী ভিন্ন আন্দোলন ও কর্মসূচির, যা আলোচিত দাবির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: