ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে রিজওয়ানা হাসানের বক্তব্য প্রসঙ্গে যা জানালো ফ্যাক্টচেক
সম্প্রতি, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছি, কিন্তু এখন তারেক রহমান কথা রাখছেনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছি, কিন্তু এখন তারেক রহমান কথা রাখছেনা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘GojobVision’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘GojobVision’ নামক ফেসবুক পেজে গত ০৫ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের ‘GojobVision’ এর লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, GojobVision এর মূল ফটোকার্ডটির ‘জামাত আমাকে অনেক কু প্রস্তাব দিয়েছিল, রাজি হইনি’ শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছি, কিন্তু এখন তারেক রহমান কথা রাখছেনা – সাবেক তথ্য উপদেষ্টা রেজওয়ানা’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য।
তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে সৈয়দা রিজওয়ানা হাসানের এই দুই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছি, কিন্তু এখন তারেক রহমান কথা রাখছেনা’ শীর্ষক মন্তব্য রিজওয়ানা হাসান করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: