ভারতকে ঘিরে যে মন্তব্য করেননি শামা ওবায়েদ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবিতে করা হচ্ছে তিনি বলেছেন, ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মত ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি শামা ওবায়েদ করেননি। প্রকৃতপক্ষে, তার নামে এই মন্তব্যটি প্রথমে ছড়ানো হয় নিজেদের ব্যঙ্গাত্মক পেজ হিসেবে পরিচয় দেওয়া ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে ওই ভুয়া ও ব্যঙ্গাত্মক পোস্টটিকেই তার আসল মন্তব্য হিসেবে প্রচার করা হয়।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে এ সংক্রান্ত ভাইরাল একটি ফটোকার্ডে ‘Viral News BD’-কে সূত্র হিসেবে উল্লেখ থাকতে দেখা যায়। এ সূত্র ধরে অনুসন্ধানে ২৯ মার্চ ‘Viral News BD.0’ নামের একটি ফেসবুক পেজে শামা ওবায়েদকে উদ্ধৃত করে একই বক্তব্য প্রচারিত হতে দেখা যায়। তবে পোস্টটিতে মন্তব্যটির পক্ষে কোনো প্রমাণ, ভিডিও বা নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়নি।
স্বাভাবিকভাবেই, শামা ওবায়েদ যদি ভারতকে ঘিরে এমন মন্তব্য করে থাকতেন, তবে তা দেশের মূলধারার গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হতো এবং এ সংক্রান্ত ভিডিও ফুটেজও পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অনুসন্ধানে এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ বা ভিডিওর অস্তিত্ব মেলেনি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ২৫ মার্চ ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজে শামা ওবায়েদের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়। পেজটির পরিচিতিতে উল্লেখ রয়েছে, ‘ব্যঙ্গ যারা বুঝে তাদের জন্য’। এছাড়া পেজটির ক্যাটাগরিতেও ‘Satire/Parody’ লেখা আছে। পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে ব্যঙ্গাত্মক ও ভুয়া মন্তব্য প্রকাশ করা হয়।
অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে শামা ওবায়েদের প্রকৃত বক্তব্য পাওয়া যায়। সেখানে তিনি বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক বা অন্য কোনো দেশের সঙ্গে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি আরও বলেন, ভারতকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তবে সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে। একই সঙ্গে তিনি জানান, বিএনপি সরকার কোনো একক দেশের ওপর নির্ভরশীল নয় এবং কোনো বিশেষ দেশের প্রতিও ঝুঁকছে না; বরং “সবার আগে বাংলাদেশ” নীতিতেই দেশের অর্থনীতি, সমাজনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও তাকে এসব কথা বলতে শোনা যায়।ফ্যাক্টচেক সাবস্ক্রিপশন
অর্থাৎ, সার্কাজম বা ব্যঙ্গাত্মকভাবে শামা ওবায়েদের নামে তৈরি করা একটি ভুয়া মন্তব্য পরবর্তীতে তার আসল বক্তব্য হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শামা ওবায়েদ ইসলামের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
বিভি/এসজি



মন্তব্য করুন: