• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অযৌক্তিক বলার সুযোগ নেই: সাইমুম পারভেজ

প্রকাশিত: ১৬:২০, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২০, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অযৌক্তিক বলার সুযোগ নেই: সাইমুম পারভেজ

ফেসবুক থেকে নেওয়া

শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধির দাবিকে অযৌক্তিক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে আন্দোলন-সংগ্রাম একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এমন বাস্তবতায় শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধির দাবিকে অযৌক্তিক বলার সুযোগ নেই।

চলমান আন্দোলন শুরু হওয়ার আগেই সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল। আন্দোলনের প্রেক্ষিতে সেই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। তবে শুরু থেকেই সরকারের একটি উদ্বেগ ছিল, কারণ এই আন্দোলনে পতিত ফ্যাসিবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে।

এরই মধ্যে বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে এই ভ্রান্ত রাজনীতির সর্বশেষ শিকার হলেন গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিক শেখ।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আন্দোলনকারী পরিচয়ে একটি পক্ষ কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তৌফিক ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে তাকে হত্যা করা হয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শ্রমিক নেতৃবৃন্দ ও সরকারের বারবার আহ্বান সত্ত্বেও যারা এই আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, তারাও এই মৃত্যুর দায় এড়াতে পারেন না।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে লাশের রাজনীতি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। শ্রমিকের ন্যায্য দাবি আদায় হোক শান্তিপূর্ণ পথে, কোনো প্রাণের বিনিময়ে নয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত