চট্টগ্রামে ৭ শিশুর শরীরে হাম, একজনের রুবেলা শনাক্ত
চট্টগ্রামে সম্প্রতি ৭ শিশুর দেহে হাম এবং একজনের দেহে রুবেলা রোগ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৭৫টি নমুনা পরীক্ষা করা হলে ৭ জনের শরীরে হাম এবং একজনের শরীরে রুবেলা শনাক্ত হয়। এদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫ জন এবং উপজেলাগুলোতে ২ জন শিশুর দেহে হাম এবং ১ জনের দেহে রুবেলা ধরা পড়েছে।
চট্টগ্রামে প্রথম হাম শনাক্ত হয় বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের পাঁচ মাস ১৫ দিন বয়সী শিশু আলী বিন সেলিমের শরীরে। ল্যাবরেটরি পরীক্ষায় তার সংক্রমণ নিশ্চিত হয়। প্রথমে অন্য রোগের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, হাম সংক্রান্ত উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৯ জন শিশু ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত হাম বা রুবেলা সংক্রমণে কারো মৃত্যু ঘটেনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও পেশায় চিকিৎসক ডা. শাহাদাত হোসেন টিকার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, অবশ্যই শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধী টিকা নিশ্চিত করতে হবে। এটি সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর উপায়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: