• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় ৯৭ শিশু হাসপাতালে, ২৮ জনের হাম সন্দেহ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় ৯৭ শিশু হাসপাতালে, ২৮ জনের হাম সন্দেহ

কুষ্টিয়ায় ঠান্ডা, জ্বর, সর্দি-কাশিজনিত জটিলতা নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮ শিশুর শরীরে হাম (মিজলস) সন্দেহ করছেন চিকিৎসকরা। এসব শিশু যথাক্রমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪৪ জন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন ভর্তি রয়েছে।

তথ্যগুলো নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং কুষ্টিয়ার সিভিল সার্জন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর জানান, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত শিশু বিভাগে মোট ৪২ জন রোগী ভর্তি রয়েছে। এসব শিশু ঠান্ডা, জ্বর, সর্দি-কাশিসহ নানা জটিলতায় ভুগছে। এদের মধ্যে ৯ জনের শরীরে র‍্যাশ জাতীয় লক্ষণ থাকায় প্রাথমিকভাবে তাদের হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. হোসেন ইমাম জানান, রাত ১০টা পর্যন্ত শিশু বিভাগে মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ১৯ জনকে হাম আক্রান্ত হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন চিকিৎসকরা। অন্যরা বিভিন্ন জটিলতায় চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, চলতি বছরের শুরু থেকেই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে হামের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের অধিকাংশই জেলার বাইরে থেকে আগত।

তিনি আরও জানান, বর্তমানে সারাদেশেই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার সার্বিক হাম পরিস্থিতি নিয়ে প্রতিদিন বুধবার থেকে সকাল ১১টায় হালনাগাদ তথ্য জানানো হবে।

তিনি বলেন, আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্টের সংকট বর্তমানে রোগী শনাক্তকরণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে খুব শিগগিরই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত