হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আরও ২৬ শিশু ভর্তি
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এর আগে গত সোমবার রাতে কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আয়েশা সিদ্দিকা নামের সাড়ে ৫ মাস বয়সী শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি কক্সবাজার থেকে আসার আগে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট এলে শিশুটির মৃত্যু হামের কারণে হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নগর এলাকা থেকে গতকাল ৬ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে। এ পর্যন্ত নগর এলাকা থেকে মোট ৪১ জন শিশুর নমুনা পাঠানো হয়েছে।
অন্যদিকে, ১৫ উপজেলার ১০ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত মোট ৯১ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: