চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৮ শিশু ভর্তি, শনাক্ত ৮
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। এতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। তবে, এর মধ্যে কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বুধবার (১ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো নমুনার মধ্যে ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নগর এলাকা থেকে গতকাল ৭ শিশুর নমুনা পরীক্ষার জন্য এনপিএমএলে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নগর থেকে ৪৮ জনের নমুনা পাঠানো হয়েছে। অপরদিকে, জেলার ১৫টি উপজেলা থেকে গতকাল আরও ১৩ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন জানান, হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের মধ্যে বেশিরভাগই কক্সবাজার অঞ্চল থেকে আসা, যাদের মধ্যে রোহিঙ্গা শিশুও রয়েছে।
অপরদিকে, গত সোমবার রাতে কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, তার মৃত্যু হামের কারণে হয়েছে কি না।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: