• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১৭:৪৬, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরস্থ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বজ্রপাতের মতো এসেছে হাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যে আমরা পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত হয়েছি।

তিনি জানান, আগামী রবিবার থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। সাম্প্রতিক সময়ে শিশু মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা ও রাজশাহীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে হামের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিভিন্ন সমস্যা ও সংকট রয়েছে, যা সমাধানে সরকার কাজ করছে। তিনি আশ্বাস দেন, অতি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করা হবে।

মন্ত্রী জানান, টিকাদান কার্যক্রমে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়ক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, যা তাদের জন্য বড় কষ্টের কারণ। এছাড়া ২৫ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকের পদোন্নতি আটকে আছে। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, মেডিকেল ইথিকসের অন্যতম প্রধান বিষয় ‘বিশ্বাস’কে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: