চট্টগ্রামে আরও চার শিশুর হাম শনাক্ত
চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এছাড়া পরীক্ষায় আরও ৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন নগরীর এবং দুজন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১১ জনের হাম এবং ১ জনের রুবেলা শনাক্ত হয়েছে। শুক্রবার আরও ৩২ জন শিশুর নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ১৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে সাড়ে পাঁচ মাস ও নয় মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর বাড়িই কক্সবাজারে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস-রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো নমুনার ফলাফল হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে শিশু দুটির মৃত্যু হামে হয়েছে কি না।
তিনি আরও জানান, যেসব শিশু এখনো হামের টিকা নেয়নি বা এক ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেনি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: