কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ ধরনের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো— সাড়ে ৫ মাস বয়সী কন্যাশিশু আইজা এবং ৮ মাস বয়সী ছেলে শিশু ইব্রাহিম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজার মৃত্যু হয়। সে শহরের রেনউইক মোড় এলাকার মোমিনুর রহমানের মেয়ে। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে জেনারেল হাসপাতালে মারা যায় ইব্রাহিম, সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৩০ মার্চ ঠান্ডা, জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে আইজা হাসপাতালে ভর্তি হয়। হামের পাশাপাশি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিল সে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ইব্রাহিম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডা, জ্বর, সর্দি-কাশিজনিত জটিলতায় ৩২৪ শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার তিনগুণ বেশি রোগী থাকায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এছাড়া নমুনা পরীক্ষা করে প্রকৃত হাম রোগী শনাক্ত করাও এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: