চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, নতুন ভর্তি ৩২
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগে উদ্বেগ বাড়ছে।
সোমবার (৬ এপ্রিল) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বে ভর্তি ছিলেন ৬০ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন এবং একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৬৪ জন রোগী, যার মধ্যে ৩৩ জন ছেলে এবং ৩১ জন মেয়ে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের সরবরাহ করা তথ্য অনুযায়ী, জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মশিউর রহমান বলেন, "হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। আমরা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবাদান অব্যাহত রেখেছি। অভিভাবকদের প্রতি অনুরোধ, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।"
তিনি আরও জানান, "সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি জোরদারের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব।"
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: