চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশু ভর্তি
চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই ১৭ জনকে যোগ করলে বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
এ পর্যন্ত চট্টগ্রামে হামের ভাইরাস শনাক্ত হয়েছে ১৪ জনের মধ্যে। তাদের মধ্যে ৮ জন চট্টগ্রর নগরীর বাসিন্দা এবং বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন কক্সবাজার জেলার এবং ১ জন নোয়াখালীর বাসিন্দা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে, দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, তবে চট্টগ্রাম জেলা এই তালিকায় নেই।
তবে, চট্টগ্রামের সব উপজেলায় ‘কেস সার্চিং’ এবং 'ড্রপ আউট' শিশুদের টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাপ্লিমেন্ট প্রদান কর্মসূচি চালু রয়েছে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: