• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

দেশজুড়ে একযোগে দেওয়া হবে হামের টিকা, ১৪ দিন এগিয়ে সময় নির্ধারণ

প্রকাশিত: ১৭:২০, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দেশজুড়ে একযোগে দেওয়া হবে হামের টিকা, ১৪ দিন এগিয়ে সময় নির্ধারণ

হাম নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং টিকা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে টিকা সংগ্রহ ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল।

তিনি জানান, দেশে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে এবং আরও মজুত রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করতে ৫ এপ্রিল থেকে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার প্রচলিত টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। টিকা সংরক্ষণে কোল্ড চেইন ব্যবস্থাও যথাযথভাবে বজায় রাখা হচ্ছে।

এ সময় তিনি জানান, স্বাস্থ্যখাতে যেসব কর্মকর্তা-কর্মচারী গত ৯ মাস ধরে বেতন পাননি, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ শুরু হয়েছে এবং অন্যান্য সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা আমাদের হাতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রস্তুত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: