চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৬ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন ভর্তি ১৬ শিশুসহ হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা এখন ৮৮ জনে পৌঁছেছে।
এদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত ২২ শিশুর হামের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে; নিহত শিশুর বাড়ি কক্সবাজার জেলায়। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
গতকাল ১১ জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ২৬২ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রবিবার থেকে দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা এই তালিকায় না থাকলেও জেলার সব উপজেলায় ‘কেস সার্চিং’ কার্যক্রম এবং ‘ড্রপ আউট’ শিশুদের টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাপ্লিমেন্ট কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: