বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আরও প্রকট হয়েছে। চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিত এ রোগটিতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।
সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু হলো ১১২ জনের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২৩ দিনে ১১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে ২ জন করে মারা গেছে ডেঙ্গুতে।
এই হিসাবে চলতি বছরে এখন পর্যন্ত ২০৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত এ রোগটি।
বুলেটিনে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৬ জন। এছাড়া, খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশালে ১৬৪, চট্টগ্রামে ২৮৮ জন, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩ জন, রাজশাহী ১৩০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: