• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফার হামের টিকাদান ক্যাম্পেইন

প্রকাশিত: ১১:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশজুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফার হামের টিকাদান ক্যাম্পেইন

দেশজুড়ে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও অন্তর্ভুক্ত করা হবে। এবার মোট ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

গত রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত প্রথম দফার ক্যাম্পেইনে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল। সেখানে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ অর্জিত হয়।

তবে পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচির সময় দেখা যায়, প্রায় ৪৩ লাখ শিশু ওই টিকাদান কর্মসূচির বাইরে রয়ে গেছে। এরপর মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে আরও ১৯ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এখনও ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও প্রায় ১০ লাখ শিশু যুক্ত হওয়ায় এবার মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। আগে মজুত থাকা ১৫ লাখ ডোজসহ বর্তমানে মোট ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে। ১০ শতাংশ অপচয় (ওয়েস্টেজ) হিসাবেও প্রায় ৫২ লাখ ডোজ ব্যবহারযোগ্য থাকবে। ফলে লক্ষ্যমাত্রার শিশুদের টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা অবশিষ্ট থাকবে।

তিনি আরও জানান, ক্যাম্পেইন শেষ হলেও নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা শিশুদের জন্য মপ-আপ টিকাদান কার্যক্রম চালু থাকবে। এ কর্মসূচিতে জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের সুপারিনটেনডেন্ট, পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত থাকবেন।

এদিকে শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা বলেন, শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য হাম-রুবেলার এমআর ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সে নির্ধারিত দুটি ডোজের পাশাপাশি অতিরিক্ত ডোজও নিশ্চিত করার আহ্বান জানান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত