বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ বইয়ের মোড়ক উন্মোচন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর শ্যামলীতে অনুষ্ঠিত হয়েছে বৈজ্ঞানিক আলোচনা, পেশাগত মতবিনিময় ও মানসিক স্বাস্থ্যবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বুধবার (১৪ অক্টোবর) শ্যামলী সিনেমা হল বিল্ডিং কমপ্লেক্সে অবস্থিত মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌসের রচিত ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও রেফারেল গাইড—সাধারণ জনগণ ও চিকিৎসকদের জন্য’ উপশিরোনামে প্রকাশিত বইটি সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের জন্য প্রাথমিক শনাক্তকরণ ও যথাযথ রেফারেলের বিষয়ে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে রচিত।
বইটিতে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, প্রাথমিক পর্যায়ে মানসিক রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ এবং যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহিত কামাল, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপম হোসেইন, আল-মানার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. আবু খলদুন আল-মাহমুদ, মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, অর্থোপেডিক ও ট্রমা সার্জন এবং মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবদুল কাদির নোমান, এবং ফিজিওথেরাপিস্ট, লেখক ও ডিপিআরসির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. শফিউল্লাহ প্রধান।
অনুষ্ঠানে ‘Patient's Mental Health Is Every Doctor's Responsibility Too’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন ডা. রুবাইয়াৎ ফেরদৌস। এতে রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।
‘Lived Experiences Heard: Real Voices, Real Change’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রোগীকে রেফার করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের বিশেষ পর্বে সম্মানিত বিশেষ অতিথিরা ডা. রুবাইয়াৎ ফেরদৌসের রচিত বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। পরে বিশেষ অতিথিরা লেখিকাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মিলিত ফটোসেশনে অংশ নেন।
বৈজ্ঞানিক আলোচনা, বিশেষ অতিথিদের বক্তব্য, বইয়ের মোড়ক উন্মোচন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভি/এআই













মন্তব্য করুন: