• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইন্টারভেনশনাল রেডিওলজির বিকাশে প্রশিক্ষণ ও জাতীয় পরিকল্পনার আহ্বান ডা. রফিকূল ইসলামের

প্রকাশিত: ০০:৪১, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪২, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইন্টারভেনশনাল রেডিওলজির বিকাশে প্রশিক্ষণ ও জাতীয় পরিকল্পনার আহ্বান ডা. রফিকূল ইসলামের

রোগ নির্ণয়ে বিশেষজ্ঞ রেডিওলজিস্ট ও সনোলজিস্টদের বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশে ইন্টারভেনশনাল রেডিওলজির বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও জাতীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। 

তিনি বলেছেন, আধুনিক ইমেজিং মেশিন কখনোই একজন দক্ষ ও অভিজ্ঞ রেডিওলজিস্টের বিকল্প হতে পারে না। সঠিক রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ পর্যন্ত তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ৩২তম বার্ষিক জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, আলট্রাসনোগ্রাফি একটি Operator-dependent Investigation। একই যন্ত্রে একজন দক্ষ সনোলজিস্ট যে সূক্ষ্ম রোগগত পরিবর্তন শনাক্ত করতে পারেন, অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে তা সম্ভব নাও হতে পারে। তাই আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল, প্রশিক্ষণ ও মানসম্মত রিপোর্টিং নিশ্চিত করতে হবে।

ইন্টারভেনশনাল রেডিওলজির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইমেজিং প্রযুক্তির সহায়তায় বর্তমানে বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই অনেক জটিল রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। ক্যানসার, রক্তনালির জটিলতা, স্ট্রোক, কিডনি ও মূত্রতন্ত্রের রোগ, প্রসব-পরবর্তী রক্তক্ষরণ এবং দুর্ঘটনাজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণে এ পদ্ধতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় TIPSS পদ্ধতি ব্যবহারের কথা উল্লেখ করে আক্ষেপ করেন, বাংলাদেশের প্রথম এ প্রক্রিয়ায় দেশের কোনো রেডিওলজিস্ট অংশ নিতে পারেননি। তিনি রেডিওলজিস্টদের রেডিয়েশনজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের ঝুঁকি ভাতা প্রদানের বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিশ্বব্যাপী ইন্টারভেনশনাল রেডিওলজির পরিস্থিতি তুলে ধরে তিনি ২০২৫ সালে Journal of Vascular and Interventional Radiology-তে প্রকাশিত একটি Global Survey-এর তথ্য উল্লেখ করেন। ১,২৬৩ জন অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে পরিচালিত ওই গবেষণায় ইন্টারভেনশনাল রেডিওলজি সম্পর্কে জনসচেতনতা, শিক্ষা, প্রশিক্ষণ ও রোগী রেফারেলের ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে উত্তর আমেরিকার তুলনায় এশিয়ায় Dedicated Interventional Radiology Training Programme-এর উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ইন্টারভেনশনাল রেডিওলজি সেন্টার প্রতিষ্ঠা, উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ চালু, আন্তর্জাতিক সহযোগিতা এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি AI ও Teleradiology-এর ব্যবহার বাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলেও বিশেষজ্ঞ ইমেজিং সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী তার বক্তব্যে রেডিওলজি ও ইমেজিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব এবং আধুনিক চিকিৎসাব্যবস্থায় ইন্টারভেনশনাল রেডিওলজির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রেডিওলজি এখন আর কেবল রোগ শনাক্তকরণের মধ্যে সীমাবদ্ধ নেই। উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে সরাসরি চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ইন্টারভেনশনাল রেডিওলজি চিকিৎসাবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এর মাধ্যমে অনেক জটিল রোগে প্রচলিত বড় অস্ত্রোপচারের পরিবর্তে কম আক্রমণাত্মক পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। ফলে রোগীর শারীরিক কষ্ট, চিকিৎসাজনিত জটিলতা ও হাসপাতালে অবস্থানের সময় কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

তিনি রেডিওলজি শিক্ষার মানোন্নয়ন এবং এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে দক্ষ বিশেষজ্ঞ তৈরি, হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে চিকিৎসকদের বিপুলসংখ্যক পদ শূন্য থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসক নিয়োগের পাশাপাশি তাদের যথাযথ পদায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকামুখী রোগীর চাপ কমানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আওসাফ আলী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

দিনব্যাপী সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশন, গবেষণা উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত