• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

লঞ্চের আগেই প্রকাশ্যে আইফোন ১৮ প্রোর ১০ বড় পরিবর্তন

প্রকাশিত: ২১:০০, ১০ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
লঞ্চের আগেই প্রকাশ্যে আইফোন ১৮ প্রোর ১০ বড় পরিবর্তন

অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও, আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধেই আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপলের বার্ষিক লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-ই থাকবে মূল আকর্ষণ। অন্যদিকে সাধারণ আইফোন ১৮, আইফোন ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার ২০২৭ সালের শুরুতে উন্মোচিত হতে পারে।

যেসব পরিবর্তন আসতে পারে

বড় ব্যাটারি
আইফোন ১৮ প্রো ম্যাক্সে প্রায় ১০ শতাংশ বড় ব্যাটারি থাকতে পারে। এতে একবার চার্জে আরও বেশি সময় ব্যবহার করা যাবে।

তবে বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী হতে পারে।

নতুন A20 Pro চিপ
নতুন প্রো মডেলে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি A20 Pro প্রসেসর থাকতে পারে। এতে দ্রুত পারফরম্যান্স, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত এআই সুবিধা পাওয়া যেতে পারে।

ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা
৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে।

এতে প্রয়োজন অনুযায়ী লেন্সে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হবে।
উন্নত টেলিফটো ক্যামেরা

টেলিফটো ক্যামেরায় বড় অ্যাপারচার ব্যবহার করা হতে পারে, যা জুম ও কম আলোতে ছবি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

ছোট হবে ডাইনামিক আইল্যান্ড
ফেস আইডির কিছু অংশ ডিসপ্লের নিচে নেওয়া হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড আগের তুলনায় আরও ছোট দেখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয়ী ডিসপ্লে
৬.৩ ও ৬.৯ ইঞ্চির ডিসপ্লে অপরিবর্তিত থাকলেও নতুন LTPO+ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা ব্যাটারির ব্যবহার কমাবে।

নতুন C2 মডেম
অ্যাপলের নিজস্ব C2 মডেমের মাধ্যমে আরও দ্রুত ৫জি সংযোগ, ভালো সিগন্যাল এবং কম বিদ্যুৎ খরচের সুবিধা মিলতে পারে। পাশাপাশি স্যাটেলাইটভিত্তিক ৫জি প্রযুক্তি নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

N2 ওয়্যারলেস চিপ
নতুন N2 চিপের মাধ্যমে ওয়াই-ফাই, ব্লুটুথ, এয়ারড্রপসহ বিভিন্ন ওয়্যারলেস সংযোগ আরও উন্নত হতে পারে।

নতুন রঙ
ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে ও সিলভার—এই চারটি নতুন রঙে ফোনটি আসতে পারে। পাশাপাশি ম্যাগসেফ অংশের নকশাতেও পরিবর্তন দেখা যেতে পারে।

ক্যামেরা কন্ট্রোল বাটনে পরিবর্তন
ক্যামেরা কন্ট্রোল বাটন থেকে টাচ ও হ্যাপটিক ফিডব্যাক সরিয়ে শুধু চাপের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা রাখা হতে পারে।

দাম কত হতে পারে?
প্রতিবেদন অনুযায়ী, ভারতে আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম হতে পারে ১ লাখ ৫৪ হাজার ৯০০ রুপি।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। তবে বাংলাদেশে আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ যোগ হওয়ায় ফোনটির দাম প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজার টাকা হতে পারে।

তবে অ্যাপল এখনও আইফোন ১৮ প্রো সিরিজের ফিচার, দাম বা উন্মোচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তাই এসব তথ্য বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে প্রকাশিত সম্ভাব্য তথ্যের ভিত্তিতে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত